নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিক তাজুল ইসলামকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্টে দেখা যায়, ডায়াগনস্টিক সেন্টারটিতে রিএজেন্ট যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি, অনুমোদিত ল্যাব টেকনিশিয়ান নিয়োজিত ছিল না, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ছিল এবং লাইসেন্সের মেয়াদও নবায়ন করা হয়নি। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মালিককে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ডায়াগনস্টিক সেন্টারটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে। পাশাপাশি আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম ও ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি সাময়িকভাবে বন্ধ করে সংশ্লিষ্টরা সরে যান বলে জানা গেছে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজিব এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

