নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নিহত হাসিব গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় অ্যাডভোকেট আলী আকবরের বাসার সামনে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হাসিব, আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে হাসিবের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত জোবায়ের হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

