টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মন্টি শিকদারকে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া মন্টি শিকদার চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে এবং ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সংগঠনের নজরে আসে। অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দলের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি রক্ষার্থে তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান বলেন, এর আগেও মন্টি শিকদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত চলমান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতে ইয়াবাসহ আটক হওয়া দুই যুবক দাবি করেন, তারা মন্টি শিকদারের কাছ থেকে ইয়াবা কিনেছেন। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে মন্টি শিকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ব্যবহৃত নম্বরটি তার স্ত্রী ব্যবহার করেন বলে জানা গেছে।

