Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উজানের ঢল ও টানা বৃষ্টিতে মৌলভীবাজারে আকস্মিক বন্যা, পানিবন্দি হাজারো মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

টানা মুষলধারে বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে গেছে, বাড়িঘরে পানি ঢুকেছে এবং হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, জুড়ী, কুশিয়ারা ও কন্টিনালা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ও আদমপুর ইউনিয়ন। নদীর ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা, ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি প্লাবিত হয়েছে। এছাড়া পাহাড়ি ছড়া ও খাল উপচে জেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় অনেক সড়ক পানির নিচে চলে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে অনেক পরিবার রান্নাবান্না করতে পারছে না। কর্মস্থলে যেতে না পারায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বেড়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের অন্তত ১০টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে। তবে বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।