জুলফিকার বাবলু,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা ও লিবিয়া প্রবাসী মামুন শেখ (২৬) বগুড়ার সারিয়াকান্দী উপজেলায় শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে এ বিষয়ে শ্বশুরবাড়ির সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।
নিহত মামুন শেখ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোড়খালী মোসলেমাবাদ খানবাড়ি এলাকার ভুট্টু শেখের ছেলে।
পরিবারের দাবি, জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে মামুন লিবিয়ায় যান। সেখানে থাকাকালীন পারিবারিকভাবে বগুড়ার সারিয়াকান্দী উপজেলার কাজলা ইউনিয়নের জামথল গ্রামের দুলাল মিয়ার মেয়ে সীমার সঙ্গে তার বিয়ে হয়। প্রায় ১৫ দিন আগে তিনি দেশে ফেরেন।
স্বজনদের ভাষ্য, শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সন্ধ্যায় শ্বশুরবাড়িতে যান মামুন। সন্ধ্যা ৭টার দিকে চিৎকার শুনে পাশের বাড়িতে থাকা তার বোন সহিদা বেগম ঘটনাস্থলে গিয়ে তাকে সড়কে পড়ে থাকতে দেখেন।
সহিদা বেগমের দাবি, তখন মামুন তাকে জানান যে, স্ত্রীকে তার কাছে দেওয়া হবে না বলে প্রতিবাদ করলে শ্বশুর ও পরিবারের সদস্যরা তাকে মারধর করেন এবং মুখে বিষ ঢেলে দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “ঘটনাস্থল বগুড়ার সারিয়াকান্দী উপজেলায় হওয়ায় এ বিষয়ে মাদারগঞ্জ থানায় মামলা নেওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট থানাই আইনগত ব্যবস্থা নেবে।”
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মামুনের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছে।

