শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুল্লাহ আল মামুন খান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে সান হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং আনোয়ারা মেডিকেল কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় The Medical Practice and Private Clinics and Laboratories Ordinance, 1982 এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে পলাশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

