মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওর অধ্যুষিত খালিয়াজুড়ি উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে এক সাবেক ইউপি সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহযোগীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উদয়পুর বাজারসংলগ্ন হাওরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জাহেরপুর গ্রামের রমজান আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য মো. নওয়াব আলী। একই ঘটনায় তার সহযোগী একই গ্রামের মো. আয়নাল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, উদয়পুর বাজারের সামনের হাওরে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও অলিদুজ্জামান, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। অভিযানে অপরাধের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
খালিয়াজুড়ি থানার ওসি মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত নওয়াব আলীকে থানা হেফাজতে রাখা হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে তাকে পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জলজ সম্পদ রক্ষা এবং নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

