সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত ১১টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার উত্তর তাজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ফয়সাল হাওলাদার ফাইজ (১৮), রবিউল হাসান (২৩) এবং অপু খান (২০)-কে আটক করা হয়। মোবাইল কোর্টে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এ সময় ফয়সাল হাওলাদার ফাইজের প্ররোচনায় রবিউল হাসান ও অপু খান মাদক সেবন করেছেন বলেও স্বীকারোক্তি দেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ফয়সাল হাওলাদার ফাইজকে পাঁচ মাস এবং রবিউল হাসান ও অপু খানকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

