নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী থানার একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত কুখ্যাত আসামি নয়ন মিয়া ওরফে ‘নয়ন ডাকাত’ (৩৮)-কে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) তথ্যপ্রযুক্তির সহায়তা ও সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনায়, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হান সরকারের তত্ত্বাবধানে এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশার নেতৃত্বে আদালতের মুলতবি গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মনোহরদী থানার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে এএসআই (নিঃ) আল আমিন সিকদার, কনস্টেবল হুমায়ুন কবির ও কনস্টেবল মাসুম বিল্লাহসহ একটি দল সেনবাগ থানার ঝালোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজের ছেলে নয়ন মিয়াকে গ্রেফতার করে।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, ছিনতাই, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারামারি, ভাঙচুর, চুরি ও অন্যান্য ফৌজদারি অপরাধসহ মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মনোহরদী থানার তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মুলতবি ছিল।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল নয়ন। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সফলভাবে গ্রেফতার করা হয়েছে।

