আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মাঠকর্মীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। একই সঙ্গে বুড়াইচ ইউনিয়নকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী পরিবার কল্যাণ কেন্দ্র এবং গোপালপুর ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে সম্মাননা দেওয়া হয়।
রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় “ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট” স্লোগান এবং “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যের আলোকে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা এবং পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুলসহ অন্যান্য অতিথিরা।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায় বলেন, পরিকল্পিত পরিবার গঠন শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; এটি একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম ভিত্তি। মাঠপর্যায়ের কর্মীদের নিরলস প্রচেষ্টায় সরকারের সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে। তাদের কর্মদক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন—পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) চম্পা, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. তারিকুজ্জামান (গোপালপুর ইউনিয়ন) এবং পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শান্তা খাতুন (সদর ইউনিয়ন)। এছাড়া বুড়াইচ ইউনিয়ন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী পরিবার কল্যাণ কেন্দ্র এবং গোপালপুর ইউনিয়ন শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে সম্মাননা লাভ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দীন। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, মাঠকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

