পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ঐতিহ্যবাহী ‘বলাকা মাঠ’ সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। রোববার (১২ জুলাই) “আমাদের বলাকা মাঠ বাঁচান, আমাদের ভবিষ্যৎ বাঁচান” স্লোগানে ঘোড়াশাল পৌরবাসী ও পলাশ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে বাংলাদেশ জুট মিলের বলাকা মাঠের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাঠটিকে কোনো বাণিজ্যিক বা অন্য কাজে ব্যবহার না করে খেলাধুলা ও জনসাধারণের বিনোদনের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান। তারা বলেন, একটি মাঠ হারানো মানে একটি প্রজন্মের স্বপ্ন হারানো। বলাকা মাঠ শুধু একটি খেলার মাঠ নয়, এটি ঘোড়াশালের ঐতিহ্য এবং শিশু-কিশোর ও তরুণদের প্রাণের স্পন্দন।
বক্তারা আরও বলেন, “মাঠ বাঁচলে খেলাধুলা বাঁচবে, খেলাধুলা বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে।” তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলার মাঠের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এ সময় অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” স্লোগান দেন।
ক্রীড়াবিদ সুমন ভূইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো. ইকরাম হোসেন, সমাজসেবক মন্টু মিয়া, ঘোড়াশাল ফুটবল ক্লাবের মো. সজিব, করতেতৈল নবজাগরণ ক্লাবের মাইনুল ইসলাম, ভাগদী ফুটবল দলের অধিনায়ক মো. তুষার, টেকপাড়া ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ইয়াকুব আলী, আটিয়া একতা সংঘের তৈকির আহম্মেদ সজিব, সাবেক ফুটবলার মো. সাখায়েত হোসেন এবং সমাজসেবক হাছান আলীসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা দ্রুত মাঠটি সংরক্ষণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন ঘোড়াশাল বাংলাদেশ জুট মিল কয়েক বছর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়। সম্প্রতি মিলের বলাকা মাঠও অন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার পর মাঠটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হলে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

