গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে একটি কাঁচা রাস্তার পাশে সদ্য নির্মিত গাইড ওয়াল রক্ষায় নিজেই কোদাল হাতে মাঠে নেমে কাজ করেছেন ইউপি সদস্য মো. রাসেল মাহমুদ। বৃষ্টির মধ্যে তার কাজ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।
উজানচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রাসেল মাহমুদের মাথায় পলিথিন জড়িয়ে ও খালি গায়ে বৃষ্টির মধ্যে কাজ করার ভিডিওটি রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই তার দায়িত্বশীলতা ও জনসেবার মানসিকতার প্রশংসা করেন।
ফেসবুকে এম এ মালেক নামে একজন মন্তব্য করেন, “শুভকামনা রইল ভাই। বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আপনার মতো জনপ্রতিনিধি দরকার।”
রাসেল মাহমুদ জানান, তার গ্রামের ফৈজদ্দিন মাতুব্বরপাড়া এলাকায় একটি কাঁচা রাস্তার ব্রিজের দুই পাশে প্রায় ১২০ ফুট দৈর্ঘ্যের গাইড ওয়াল তিন দিন আগে নির্মাণ করা হয়। তবে ওয়ালের ভেতরে মাটি ভরাট না করায় এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভারী বৃষ্টির কারণে শ্রমিকরা কাজে আসতে না পারায় এবং কাউকে ডেকে বিব্রত করতে না চেয়ে তিনি নিজেই কোদাল হাতে কাজ শুরু করেন।
তিনি বলেন, “বৃষ্টির পানি গাইড ওয়ালের নিচ দিয়ে ঢুকে সেটি ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। তাই নিজেই মাটি কেটে ভরাট করে দিয়েছি। আশা করছি এখন গাইড ওয়ালটি নিরাপদ থাকবে।”
রাসেল মাহমুদের বড় ভাই ও স্কুলশিক্ষক জহুরুল ইসলাম বলেন, “রাসেল যে বৃষ্টির মধ্যে এভাবে কাজ করেছে, তা আমাকে জানায়নি। জানালে আমিও সহযোগিতা করতাম। তার এমন দায়িত্ববোধে আমি গর্বিত।”
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, “রাসেল একজন দায়িত্বশীল ও কর্মঠ জনপ্রতিনিধি। সমাজসেবামূলক কাজে সে সবসময় এগিয়ে থাকে। অন্যের অপেক্ষা না করে নিজেই কাজ করে দেওয়ার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। জনপ্রতিনিধিদের এমন মনোভাব থাকা উচিত।”

