নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার যুবলীগের সাবেক এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাতে পাশের গফরগাঁও উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি মো. আবু ইয়াহিয়া সুমন (৩৫)। তিনি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং নান্দাইল উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ‘আবদুল কদ্দুস মাখন’ নামে একটি ফেসবুক পেজ থেকে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজুর রহমান বীরবিক্রমকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট প্রকাশ করা হয়, যেখানে তাকে ‘রাজাকার’ হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগ রয়েছে, আবু ইয়াহিয়া সুমন ওই পোস্টটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে তা ছড়িয়ে দেন।
বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে তদন্ত শুরু হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে গফরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আবু ইয়াহিয়া সুমনকে গ্রেফতার করা হয়েছে। স্পিকারকে নিয়ে ফেসবুকে শেয়ার করা আপত্তিকর পোস্টের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

