নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ভাওয়াল রাজাদের প্রবর্তিত গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের ২০ দিনব্যাপী রথযাত্রা ও রথমেলা বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে। শতাব্দীপ্রাচীন এ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে গাজীপুরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
সকাল ১০টায় গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা ও রথমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। সভাপতিত্ব করবেন গাজীপুরের জেলা প্রশাসক ও মেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।
রথমেলাকে কেন্দ্র করে রথখোলা এলাকায় ইতোমধ্যে বিশাল পরিসরে নানা আয়োজন সম্পন্ন হয়েছে। মেলায় সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা এবং দেশীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের শতাধিক দোকান বসেছে। এতে ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আয়োজকরা জানান, রথযাত্রার দিন ঐতিহ্যবাহী রথ টানার অনুষ্ঠানে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেবেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামী ২০ দিন ধরে চলবে এই ঐতিহ্যবাহী রথমেলা।

