কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিক নাজমুল হাসান।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ভূরঘাটা এলাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে সাংবাদিক নাজমুল হাসান অভিযোগ করেন, কথিত সাংবাদিক হেমায়েত হোসেন খাঁন দীর্ঘদিন ধরে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে আসছেন।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছি। কিন্তু ব্যক্তিগত আক্রোশ থেকে আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ ধরনের ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে ডাসার ও মাদারীপুর অঞ্চলের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশনের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার মতো একটি দায়িত্বশীল পেশাকে ব্যক্তিগত স্বার্থ হাসিল বা প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

