ফরিদপুর প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে দেশের সব নাগরিক সমান মর্যাদার অধিকারী। বাংলাদেশে বিভাজনের রাজনীতির কোনো স্থান নেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছে। এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মও ধারণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের সমান নাগরিক। আমরা ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করি না। সবাইকে সঙ্গে নিয়েই আমরা একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রংধনুর সাতটি রঙ যেমন মিলেমিশে একটি সুন্দর রূপ সৃষ্টি করে, তেমনি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণেই বাংলাদেশ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। বিএনপি ধর্মীয় বিভাজন বা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শামা ওবায়েদ বলেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আহত জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

