আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে আরও শক্তিশালী করে জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। তিনি বলেন, আলফাডাঙ্গার মানুষ বিএনপি করতে জানে, ভোট দিতেও জানে। সঠিক নেতৃত্ব নিশ্চিত করা গেলে এ এলাকার মানুষ ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে ৪ নম্বর টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমরা দেখতে চাই আলফাডাঙ্গার এক লাখ ১০ হাজার ভোট ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হোক। ঠকে গেলে চলবে না, হেরে গেলেও চলবে না। যেখানে হারব বা ঠকব, সেখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে। বিএনপির পতাকার তলে তারেক রহমানের নির্দেশনায় আমরা এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিকল্প নেই। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের পাশে থেকে বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করারও আহ্বান জানান।
উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈনুল হক কচির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক মো. ঈসা খাঁনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মো. নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্যা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রহমান এবং যুগ্ম সম্পাদক মো. আহম্মদ আলী শিকদার।
এ সময় উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা কামরুল ইসলাম খাজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

