দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া শহরে দাদার বোনের বাড়িতে বেড়াতে এসে চার্জে দেওয়া মোবাইল ফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিশান কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নিশান দাদার বোনের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার রাতে আরও দুই শিশুর সঙ্গে চার্জে লাগানো মোবাইল ফোনে গান শুনছিল সে। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় নিশান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

