পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী-২ আসনকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে পলাশ থানা বিএনপি।
শনিবার (১৮ জুলাই) সকালে ঘোড়াশাল পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।
তিনি দাবি করেন, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের করা শারীরিক নির্যাতন ও কানে কামড় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ভাষ্য, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অভিযোগ ও মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে যুবদলের সাবেক নেতা সাইদুর রহমান হুমায়ুনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলা হয়। বিএনপির দাবি, ব্যক্তিগত স্বার্থে তিনি দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন। পাশাপাশি পলাশ ফার্টিলাইজার পিএলসিকে কেন্দ্র করে তার আনা চাঁদাবাজির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা গণমাধ্যমকে তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

