দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে অবহেলা করা হলে জনগণ বিএনপিকে ‘লাল কার্ড’ দেখাবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি অন্য রাজনৈতিক দলগুলোকে না জানিয়ে গোপনে একটি ধারা সংযোজন করেছেন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “দেশের ৬৯ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো শৈথিল্য, অবহেলা বা কার্পণ্য চলবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হলে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে জনগণ ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, তেমনি বিএনপিকেও জনগণ লাল কার্ড দেখাবে।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক পথ অনুসরণ করছে, যা দলটির জন্য ক্ষতিকর হবে। তাঁর দাবি, জুলাই গণভোট ও জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা সফল হবে না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর থেকে, যার পরিসমাপ্তি ঘটে ‘৩৬ জুলাই’। সে আন্দোলনে বিএনপি অংশীদার ছিল। কিন্তু এখন ক্ষমতার অবস্থানে গিয়ে তারা জুলাই গণভোট ও জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে। প্রয়োজন হলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আরও একটি বিপ্লব হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিশের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, কুষ্টিয়া জেলা সেক্রেটারি মুফতি আরিফুজ্জামান এবং কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হকসহ অন্যান্য নেতারা।

