কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার পর নিজস্ব স্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পদার্পণ করেছে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব।
শনিবার (১৮ জুলাই) রাতে ফিতা কেটে প্রেসক্লাবের বহুল প্রত্যাশিত স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন এবং আইনবিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম ও অর্থ সম্পাদক মিয়া রাকিবুলের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুল কাদের তুহিন এবং সদস্য ওবায়দুর রহমান ও মুজাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী কার্যালয় শুধু একটি ভবন নয়, এটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতীক। এই কার্যালয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রেসক্লাবের এই গুরুত্বপূর্ণ অর্জনে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

