রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ফলক উন্মোচন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বৃক্ষরোপণ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অ্যালামনাই কার্যালয়ের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, ছয়তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশে পাঠদানের সুযোগ পাবে। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয় চালু হওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ ও কার্যক্রম আরও সুসংহত হবে।

