দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক ১৭ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ বিজিবি ক্যাম্পপাড়া এলাকার মাথাভাঙ্গা নদীর ধারে এ ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল সাদি মুগ্ধকে (১৯) আটক করে দৌলতপুর থানা পুলিশ।
মামলার বাদী ধর্ষিতা কিশোরীর নানী রাহেলা খাতুন জানান, শনিবার রাতে নাতনি পার্শ্ববর্তী ছোট নানা আলম হোসেনের বাড়িতে যাওয়ার পথে মুগ্ধ তাকে জোরপূর্বক তুলে নিয়ে মাথাভাঙ্গা নদীর ধারে নিয়ে যায়। সেখানে মুগ্ধ তাকে ধর্ষণ করে। এ সময় তার চাচাতো ভাই সিয়াম হোসেন (২২) পাহারা দেয় বলে অভিযোগ করা হয়েছে। আলম হোসেন মাছ ধরতে গিয়ে ঘটনাটি দেখতে পান এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। তখন অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তারা আলম হোসেনকে হুমকি দেয় বলেও জানানো হয়েছে।
সিয়াম হোসেন একই এলাকার রবিউল ইসলামের ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছেন ধর্ষিতার নানা আবুল হোসেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে (মামলা নং ৪৫)। অভিযুক্ত মুগ্ধকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলছে।
ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ধর্ষিতা কিশোরী বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রয়েছে।

