ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের কয়েকটি সৌন্দর্যবর্ধনকারী স্থাপনা অপসারণের জন্য রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ নিয়ে শহরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সড়ক বিভাগের বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, শহরের গোরস্থানের মোড় চত্বর, আলীপুর গোলপুকুর মোড়ে ‘বীর মুক্তিযোদ্ধা খান মাহবুব চত্বর’ এবং অনাথের মোড় চত্বরসহ কয়েকটি স্থাপনা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হয়। তার দাবি, সংশ্লিষ্ট বিভাগের লিখিত ও মৌখিক অনুমতি নিয়েই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে।
সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার তাকে ফোন করে জানান, এক প্রভাবশালী রাজনৈতিক নেতার চাপের কারণে স্থাপনাগুলো অপসারণের বিষয়টি বিবেচনায় রয়েছে এবং তিনি সেগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, “আমি নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি, আমার পক্ষে এসব স্থাপনা ভাঙা সম্ভব নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্মাণের পর এগুলো এখন ফরিদপুরবাসীর সম্পদ।”
এ ঘটনায় স্থানীয় কিছু বাসিন্দা ও সচেতন নাগরিক শহরের সৌন্দর্যবর্ধনকারী স্থাপনা অপসারণের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, উন্নয়নমূলক স্থাপনা অপসারণের আগে জনস্বার্থ ও প্রয়োজনীয়তা বিবেচনা করা উচিত।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

