রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এসময় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার কার্যক্রম উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ, পানি সরবরাহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং জনসেবায় সমন্বয় ও জবাবদিহিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে আন্তরিকতা, স্বচ্ছতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”

