ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় দরিদ্র, অসহায় ও জটিল রোগে আক্রান্ত ১৭ জন ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মো. রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবসময় অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করছে। জটিল রোগে আক্রান্ত অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় বহনে সহায়তা করতেই এই অনুদান প্রদান করা হচ্ছে। সরকারের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে চিকিৎসা সহায়তার অনুদানের চেক তুলে দেন অতিথিরা।

