মো. মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি।
বগুড়া সামাজিক বন বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে। উদ্বোধন শেষে মন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকারসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এ মেলা। এতে বিভিন্ন নার্সারির স্টলে বনজ, ফলজ ও বিরল প্রজাতির ফুলের চারাসহ নানা ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে সঙ্গে নিয়ে উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা গ্রামে গিয়ে তাঁর নানা-নানীর কবর জিয়ারত করেন।

