সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনসুরুল হক, সদ্য বিদায়ী উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিনু এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান।
পরে প্রধান অতিথি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

