Nabadhara
ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী ও আত্রাই উপজেলায় পৃথক ঘটনায় এক দম্পতি ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বদলগাছীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। একই দিন সকালে আত্রাই উপজেলার নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের একটি খালে গোসল করতে নামেন নুর ইসলাম (২২)। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গেলে পাড়ে থাকা তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮) তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে ঝাঁপ দেন। এতে দুজনই নিখোঁজ হন।

পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সুমাইয়া আক্তার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এদিকে একই দিন সকালে আত্রাই উপজেলার বান্দাইখাড়া সরদারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে লিমন নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন জানান, হাসপাতালেই মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।