জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) গবেষণামুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘Learn to Conduct Research with Deep Learning & Explainable AI: From Foundation to Publication’ শীর্ষক তিন দিনব্যাপী Hands-on Training Program শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৮ নম্বর কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের IQAC, JSTU Robotics Club এবং IEEE JSTU Student Branch।
প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক মো. খাবির উদ্দিন আহমেদ গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে Research Writing and Dissemination, Literature Review and Research Gap Identification, Research Questions and Hypothesis Formulation, Experimental Design and Data Collection, Overleaf (LaTeX) ব্যবহার করে গবেষণাপত্র লেখা এবং Publication Process and Peer Review বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহজালাল।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন ভবিষ্যতের উচ্চশিক্ষা, শিল্পখাত ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণের প্রতিটি সেশন থেকে সর্বোচ্চ শেখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. শাহজালাল গবেষণার গুণগত মান, একাডেমিক সততা এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশে উৎসাহিত করেন এবং বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মিনহাজ।
আয়োজকদের প্রত্যাশা, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা পদ্ধতি, একাডেমিক লেখালেখি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক গবেষণার ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন, যা তাদের উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

