চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, সম্মাননা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক এহ্তেশাম কাবিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। তাদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও এমপির বিশেষ সহকারী জালাল উদ্দীন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুটসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজন।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির অর্থ তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
উল্লেখ্য, এ বছর চারঘাট উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৫৭ জন এবং সাধারণ কোটায় ৭৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

