মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৯১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা উপজেলা শাখার ব্যবস্থাপনায় এবং স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাশিস মান্দা উপজেলা শাখার আহ্বায়ক ও প্রধান শিক্ষক সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৯১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রধান শিক্ষক আনিছার রহমান, প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক এনামুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

