মো. মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিএমডিএর একটি গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের সুজাপুর মাঠে স্থাপিত বিএমডিএর গভীর নলকূপের ট্রান্সফরমারের খোলস খুলে ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৪ বছর আগে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে বিএমডিএর উদ্যোগে গভীর নলকূপটি স্থাপন করা হয়। তবে পার্শ্ববর্তী কয়েকটি গভীর নলকূপের মালিকদের সঙ্গে সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন এটি চালু করা সম্ভব হয়নি। পরে উপজেলা সেচ কমিটি ও বিএমডিএর উদ্যোগে গত বছর নলকূপটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ কার্যক্রম চালু করা হয়। এতে শতাধিক কৃষক উপকৃত হলেও মাত্র এক বছরের মাথায় ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনায় নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটি, তার, পাম্পের মোটরসহ অন্যান্য সরঞ্জাম অক্ষত থাকলেও ট্রান্সফরমারের ভেতরের যন্ত্রাংশ নেই। ট্রান্সফরমারের খোলস ঘটনাস্থলেই পড়ে রয়েছে।
গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি আলী হাসান মিলন বলেন, “সরকারি এ সেচ প্রকল্প এলাকার শতাধিক কৃষকের জীবিকার সঙ্গে জড়িত। দ্রুত তদন্ত করে চুরি হওয়া ট্রান্সফরমারের যন্ত্রাংশ উদ্ধার, জড়িতদের গ্রেপ্তার এবং সরকারি খরচে নতুন ট্রান্সফরমার স্থাপন করে সেচ কার্যক্রম পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া জরুরি।”
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

