উত্তম শর্মা,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর বানিয়াপাড়া গ্রামে বিদেশে পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টাকা ফেরত না পেয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
ভুক্তভোগী প্রতিবন্ধী মো. হানিফ অভিযোগ করেন, একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন ২০২১ সালে তার ছোট বোন জান্নাতুনের স্বামী মো. লিপনকে বৈধভাবে সৌদি আরবে পাঠানোর আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা নেন। ওই অর্থ জোগাড় করতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পাশাপাশি সুদে ধার করতে হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করা হয়।
তার অভিযোগ, টাকা নেওয়ার পরও লিপনকে বিদেশে পাঠানো হয়নি। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বরং টাকা চাইতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
হানিফ আরও বলেন, তাদের পরিবারের পাশাপাশি একই এলাকার বদিউলের ছেলে আব্দুল সালাম স্বাধীনের কাছ থেকেও বিদেশে পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত সোমবার টাকা ফেরতের দাবিতে তারা আমজাদ হোসেনের বাড়িতে যান। সেখানে তাকে না পেয়ে তার একটি গাভি ও দুটি বাছুর নিয়ে আসেন। তাদের ভাষ্য, টাকা ফেরতের নিশ্চয়তা না পাওয়ায় বাধ্য হয়ে তারা এ পদক্ষেপ নিয়েছেন।
অন্যদিকে, অভিযুক্ত আমজাদ হোসেনের ভাই বুলবুল হোসেন অভিযোগ করেন, হানিফের পরিবারের সদস্যরা তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গবাদিপশু নিয়ে গেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বিষয়টি নিয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও সংবাদ লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি। উভয় পক্ষই আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

