Nabadhara
ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীর যুবককে লিবিয়ায় নিয়ে নির্যাতন: মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশাল ও মাদারীপুরে দায়ের হওয়া একাধিক মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির (৫৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১২। পরে গভীর রাতে তাকে বরিশালের গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। শনিবার তাকে বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।

গ্রেফতার ইলিয়াস ফকির গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুরে অন্তত চারটি মানবপাচারের মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের বারেক বেপারীর ছেলে রাসেল বেপারীকে (২৯) ইতালিতে পাঠানোর কথা বলে ইলিয়াস ফকিরের সঙ্গে ২০ লাখ টাকায় চুক্তি করা হয়। গত বছরের ২৩ নভেম্বর রাসেলের পরিবার দালালচক্রের হাতে ওই টাকা তুলে দেয়। পরদিন তাকে প্রথমে শ্রীলঙ্কা এবং পরে সৌদি আরব, কুয়েত, মিশর হয়ে লিবিয়ায় নেওয়া হয়।

অভিযোগে বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর রাসেলকে একটি চক্র জিম্মি করে শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিভিন্ন ব্যাংক হিসাব ও নগদে কয়েক দফায় আরও ২৪ লাখ টাকা দেওয়া হলেও তাকে ইতালিতে পাঠানো হয়নি। শেষ পর্যন্ত গত ১৬ জুন বিমানযোগে রাসেলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

দেশে ফিরে গত ১২ জুলাই রাসেল বেপারী বরিশালের মানবপাচার প্রতিরোধ ও দমন বিশেষ ট্রাইব্যুনালে ইলিয়াস ফকিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২ সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রধান আসামি ইলিয়াস ফকিরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ইলিয়াস ফকিরের বিরুদ্ধে মাদারীপুরেও মানবপাচারের আরও তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “লিবিয়ায় নির্যাতনের শিকার এক যুবকের দায়ের করা মানবপাচার মামলায় ইলিয়াস ফকিরকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে অন্য মামলার গ্রেফতারি পরোয়ানা থাকলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।