কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি জিলানী বলেছেন, আপনারা জানেন ১৭ বছর একটি সরকার ক্ষমতায় ছিল। তারা এই ক্ষমতায় থাকা অবস্থায় লুটপাট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।সাবেক প্রধানমন্ত্রী তিনি নিজ মুখে স্বীকার করেছেন দুর্নীতির কথা। তিনি বলেছেন যে, আমার পিয়ন জাহাঙ্গীর ৪শত কোটি টাকার মালিক। সেই জাহাঙ্গীর এখন হেলিকপ্টারে চড়ে। একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি ৪ শত কোটি টাকার মালিক হয় তাহলে বাকি নেতাদের কি অবস্থা আপনারা অনুমান করুন।
আজ শনিবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মধ্য লখন্ডা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান নির্বাচনের সময় দেশের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হাত থেকে ভোটের কালি মুছার আগেই বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। সুদসহ ১০ হাজার টাকা কৃষি ঋণ মুওকফ করেছেন।ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়া শুরু করেছেন। পর্যায় ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এই সরকার।
উপস্থিত সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, আমি সংসদে যেতে পারলে আপনাদের অধিকার নিয়ে কথা বলবো।আমি সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো।
এরপর সংসদ সদস্য এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা ও হাজরাবাড়ি গ্রামের বিভিন্ন সনাতন ধর্মীয় অনুষ্ঠানে যোগদেন এবং এলাকার উন্নয়নের বিষয়ে কথা বলেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, কাজী অমিত মাহমুদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন।

