কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে বৃত্তি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলাম। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ জন শিক্ষার্থীকে ৩০ মাসের জন্য মাসিক ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলাম বলেন, ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রায় ১৮ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে সাড়ে চার হাজার শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় রয়েছে। তিনি জানান, মাসিক বৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, কুমিল্লা অঞ্চলে এ পর্যন্ত ৫০০-এর বেশি শিক্ষার্থী এ বৃত্তির সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৭৫ শতাংশের বেশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. মঞ্জুর হোসেন বলেন, শিক্ষা মানুষের ক্ষমতায়নের সবচেয়ে কার্যকর মাধ্যম। এ সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. এমদাদুল হক বলেন, শিক্ষাখাতে জাকাতের অর্থ বিনিয়োগ মানবসম্পদ উন্নয়ন ও বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং আগামী বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বৃত্তির সংখ্যা ও পরিধি বাড়ানোর অনুরোধ জানান।

