কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান বিদ্যুৎ বিভ্রাট নিরসন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১২ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কয়েকদিন ধরে ক্যাম্পাসে তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও আবাসিক জীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে আবাসিক হলের শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
ছাত্রদলের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং অনতিবিলম্বে কমানো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাটের সময় শিক্ষা ও আবাসিক কার্যক্রম সচল রাখতে পর্যাপ্ত ক্ষমতাসম্পন্ন কেন্দ্রীয় জেনারেটর চালু, আবাসিক হলগুলোতে পানি সরবরাহ নিশ্চিত করতে বিকল্প স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, “সাম্প্রতিক সময়ে রাতে একাধিকবার লোডশেডিং হওয়ায় সাধারণ ও আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। কারও সেমিস্টার ফাইনাল, কারও মিডটার্ম পরীক্ষা চলছে। অতিরিক্ত গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুৎ চলে গেলে অনেক সময় পানি সরবরাহও বন্ধ হয়ে যায়। আমরা পুরো ক্যাম্পাসকে কেন্দ্রীয় জেনারেটরের আওতায় আনার দাবি জানিয়েছি। উপ-উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”

