গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে অটোরিকশা চালক অপু বিশ্বাসকে (২৮) অচেতন করে তার অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী অপু বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাপাচুপা এলাকার শিরোমনি বিশ্বাসের ছেলে।
অপুর ভাই শিশির বিশ্বাস জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন অপু। ওইদিন রাত ১০টার দিকে ফেসবুকের মাধ্যমে তিনি জানতে পারেন, অচেতন অবস্থায় অপুকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। ফলে কোথায় এবং কীভাবে তাকে অচেতন করা হয়েছে কিংবা ঠিক কোথায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিক্যাল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে কে বা কারা অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে রেখে যায়। পরে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকের জ্ঞান ফেরার পর তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

