Nabadhara
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফল বিপর্যয়, আকস্মিক পরিদর্শনে ইউএনও

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ,খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার ১৩টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে খালিয়াজুরী সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। বিদ্যালয়টির ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৬৬ জন। পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ হওয়ায় শিক্ষক, শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি দেখতে আকস্মিক পরিদর্শনে যান খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

পরিদর্শনকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “ফলাফল বিপর্যয়ের কারণে আমরা দুঃখিত। আমাদের বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র থাকায় আরও তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাছাড়া নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদেরও অভিভাবকদের অনুরোধে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হয়েছে। এসব কারণে পাসের হার কমেছে।”

তিনি আরও বলেন, শিক্ষার হার ও মান বৃদ্ধির লক্ষ্যে দ্রুত অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ করা হবে। আগামী এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয় পরিদর্শন শেষে ইউএনও অলিদুজ্জামান বলেন, পরিদর্শনের সময় শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি সন্তোষজনক পাওয়া গেলেও শিক্ষার্থীদের উপস্থিতি খুবই নগণ্য ও দুঃখজনক। এ বিষয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

ইউএনও বলেন, ফলাফল বিপর্যয়ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো মতবিনিময় সভা করেনি। পাশাপাশি অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের কম উপস্থিতির বিষয়েও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, লেখাপড়ার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে প্রধান শিক্ষকসহ সব শিক্ষক-কর্মচারীকে দ্রুত অভিভাবকদের নিয়ে একটি সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনের বিষয়ে ইউএনও জানান, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও পরিদর্শনে পাওয়া বিষয়গুলো উল্লেখ করে পরবর্তী সময়ে একটি লিখিত প্রতিবেদন দেওয়া হবে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।