ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘সীরাত মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব সাহেবগঞ্জ জামায়াত অফিস প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা শাখা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. আব্দুল খালেকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. খবিরুল ইসলাম বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শই মানবজাতির হেদায়েত ও মুক্তির পথ। সমাজে শান্তি, ন্যায়বিচার ও আদর্শ মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সর্বক্ষেত্রে সীরাতুন্নবীর শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন নওগাঁ জেলা মজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা মজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা মো. হারুন-অর-রশিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর মো. তোজাম্মেল হক, সেক্রেটারি মো. ওসমান গনি, পাঁচপুর ইউনিয়ন শাখার আমীর মো. শাহিন আহমেদ, আহসানগঞ্জ ইউনিয়ন শাখার আমীর মো. আব্দুস সামাদ, ভোঁপাডা ইউনিয়ন শাখার সভাপতি মো. ওবায়দুল্লাহ, বিশা ইউনিয়ন শাখার আমীর মো. মাহমুদুল হাসান শাকিল, হাটকালুপাড়া ইউনিয়ন শাখার আমীর মো. হাসান আলী, কালিকাপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা মো. আব্দুল হামিদ, মনিয়ারী ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ আলমগীর হোসেন এবং সাহাগোলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মানিক উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

