অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে একটি মাছ ধরার ট্রলারে ৮০ মণ ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে। পরে এসব ইলিশ আলীপুরের সিফাত ফিসে নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের মাছ ধরার ট্রলারের ১৮ জন জেলে চার দিন আগে গভীর সাগরে মাছ শিকারে যান। দুই দিন সাগরে মাছ ধরার পর মঙ্গলবার (২৫ আগস্ট) পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে মাছগুলো আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। পরে সিফাত ফিসে নিলামে ইলিশগুলো ২০ লাখ টাকায় বিক্রি করা হয়। তবে ধরা পড়া ইলিশের বেশির ভাগই আকারে তুলনামূলক ছোট বলে জানিয়েছেন ট্রলারটির মাঝি বাদশা মিয়া।
মাঝি বাদশা মিয়া বলেন, “এ বছর পুরো মৌসুমে ইলিশের দেখা পাচ্ছিলাম না। হঠাৎ করে ৮০ থেকে ৯০ মণ ইলিশ ধরা পড়ে। তবে মাছগুলো তুলনামূলক ছোট। তাই কম দামে মাত্র ২০ লাখ টাকায় বিক্রি করেছি। চার দিন আগে সাগরে গিয়েছিলাম। মাছ পাওয়ায় এই বোটের জেলেরা স্বস্তি পেয়েছেন।”
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও আবহাওয়া খারাপ থাকায় সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। এখন কিছু কিছু বোটে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি ইলিশ ধরা পড়তে পারে।
তিনি আরও বলেন, “এখনো প্রায় ৭০ শতাংশ ট্রলারের জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না।”

