নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগ ও পরিকল্পনায় ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি হতদরিদ্র ও গৃহহীন পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’। নবনির্মিত আধাপাকা, মনোরম ও পরিবেশবান্ধব এসব ঘর পেয়ে পরিবারগুলোর মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর পরিকল্পনায় গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও গৃহহীন ৩৬টি পরিবারের জন্য আধাপাকা ‘স্বপ্নবাড়ি’ নির্মাণ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামের পাঁচটি হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘স্বপ্নবাড়ি’র চাবি হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। পর্যায়ক্রমে নির্মিত ৩৬টি ‘স্বপ্নবাড়ি’র চাবি সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা আরও জানান, চলতি বছরের মধ্যেই নান্দাইলে অসহায় ও গৃহহীন পরিবারের জন্য পর্যায়ক্রমে আরও ৯৮টি ‘স্বপ্নবাড়ি’ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নতুন ঘর পাওয়া বিধবা হামিদা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, “এতদিন সন্তানদের নিয়ে ভাঙা ঘরে বসবাস করেছি। কোনোদিন ভাবিনি এমন সুন্দর পাকা ঘরে থাকতে পারব। আজ আমাদের নতুন ঘরের স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ আমাদের নয়নের মণি মন্ত্রীকে আমার মতো হতদরিদ্র ও গৃহহীন পরিবারের পাশে সারা জীবন থাকার তৌফিক দিন।”
আরেক ‘স্বপ্নবাড়ি’ পাওয়া সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, “আমি আমার স্বপ্নের ঠিকানা পেয়েছি। আজ থেকে আর পরিবার-পরিজন নিয়ে ঝড়-বৃষ্টিতে ভাঙা ঘরে ভিজতে হবে না। আমরা আমাদের মন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। সবসময় দোয়া করি, আমাদের মতো অসহায় ও গৃহহীন মানুষের সাহায্যে তিনি যেন এভাবেই সবসময় এগিয়ে আসতে পারেন।”
এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, “হতদরিদ্র ও গৃহহীন মানুষের জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের মানবিক উদ্যোগে ‘স্বপ্নবাড়ি’ নির্মাণ নান্দাইলের মানুষের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও আমাদের নেতা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।”
‘স্বপ্নবাড়ি’ উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, জিয়াউল হক রাজু, কামরুজ্জামান রাসেলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

