সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শহরে মোটরসাইকেলে হর্ন দেওয়া ও সাইড না দেওয়াকে কেন্দ্র করে মাইক্রোস্ট্যান্ডের সভাপতি নয়নের বিরুদ্ধে এক পুলিশ সদস্যকে মারধর ও ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা পুলিশের সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ভায়না এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত পুলিশ সদস্য মো. ইমরান হোসেন পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পথে ভায়না মোড় এলাকায় পৌঁছান। এ সময় তিনি মোটরসাইকেল থেকে হর্ন দিলেও মাইক্রোস্ট্যান্ডের সভাপতি নয়ন সাইড দেননি বলে অভিযোগ করা হয়।
পরে পুলিশ সদস্য ইমরান মোটরসাইকেল থামিয়ে সাইড না দেওয়ার কারণ জানতে চাইলে নয়ন ও তার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নয়ন ক্ষিপ্ত হয়ে ইমরান হোসেনকে থাপ্পড় মারেন এবং মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে বাধা দিলে নয়ন ঘটনাস্থল থেকে চলে যান।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বপালনরত এক পুলিশ সদস্যের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাইক্রোস্ট্যান্ডের সভাপতির বিরুদ্ধে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। নয়নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

