ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছেন। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় এ মিছিল বের করা হয়।
পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানা গেছে, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে রাতের অন্ধকারে সড়কে রিয়ানের নেতৃত্বে একদল নেতাকর্মীকে মশাল হাতে মিছিল করতে দেখা যায়।
ঘটনার বিষয়ে মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মশাল মিছিলের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা সেখান থেকে সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মিছিলকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

