ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ওষুধ ব্যবসায়ী ও ড্রাগিস্টদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই বাজারে ওষুধ প্রশাসন জেলা কার্যালয়, নওগাঁ এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) আত্রাই এলাকার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বিসিডিএস আত্রাই এলাকার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান ও মূল আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মিতা রায়।
আলোচনায় মিতা রায় বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় মানসম্মত ও সঠিক ওষুধ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধের পাশাপাশি সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্সের সব বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, ওষুধ ব্যবসায়ীদের সামান্য অসচেতনতার কারণেও সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তাই ড্রাগিস্টদের সবসময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা এবং ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিসিডিএস আত্রাই এলাকার সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সহ-সভাপতি শ্রী শিশির সাহা ও শ্রী সুশান্ত কুমার সাহা, সদস্য জিতু, আবদুল্লাহ আল মামুন, আ. করিম, রফিকুল ইসলামসহ স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

