Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী-এলাকাবাসীর মানববন্ধন

মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন নবগঙ্গা নদীতে আকস্মিক ভাঙনে ১০ থেকে ১৫টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শতাধিক বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ বড়দিয়া বাজার। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাঙনকবলিত এলাকায় বড়দিয়া এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন খাশিয়াল ও কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ ও হাসান মামুদ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মোল্যা শাহাদাৎ হোসেন, সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, ভুক্তভোগী তুহিন, সুলতানাসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত শুক্রবার ভোরে আকস্মিক নদীভাঙনে বড়দিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় বসবাসকারী শতাধিক ভূমিহীন পরিবারের ১০ থেকে ১৫টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে আরও বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়তে পারে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে বড়দিয়া বাজার।

ভাঙন ঠেকাতে আপাতত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবি জানান এলাকাবাসী। তারা বলেন, ভাঙন অব্যাহত থাকলে নদীতীরবর্তী বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, সরকারি আশ্রয়ণ প্রকল্প-২ এবং কাঙ্ক্ষিত ফেরিঘাটও হুমকির মুখে পড়বে।

এ সময় বক্তারা বড়দিয়া খেয়াঘাট থেকে ফেরিঘাট পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে বাজার, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবি জানান।

এদিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।