Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপণ মৌসুমের উদ্বোধন

এসআই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি 
সেপ্টেম্বর ১, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

এসআই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি 

আখের দাম বাড়ায় ঝিনাইদহে আবারও আখচাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এরই ধারাবাহিকতায় মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রোপণ মৌসুমের উদ্বোধন উপলক্ষে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিলগেট এলাকার পুকুরিয়ার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মো. খলিল।

এদিন করপোরেশনের মহাব্যবস্থাপক ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নয়টি সুগার মিল এলাকায় একযোগে আখ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম. জোবায়ের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মণ্ডল, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং আখচাষি মাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা।

মোবারকগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষ জানায়, চলতি ২০২৬-২৭ রোপণ মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আসন্ন ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য মিল এলাকায় ৪ হাজার ১০ একর জমিতে দণ্ডায়মান আখ রয়েছে। এই পরিমাণ আখ দিয়ে প্রায় দুই মাস মিল চালানো সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে আসন্ন মাড়াই মৌসুমের আগে আখের মূল্যও বৃদ্ধি করা হয়েছে। এবার প্রতি মণ আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা ৪০ পয়সা। গত মাড়াই মৌসুমে প্রতি মণ আখের মূল্য ছিল ২৫০ টাকা।

সংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছর ধরে নানা প্রতিকূলতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং অল্প সময়ে ফুল-ফলসহ বিভিন্ন লাভজনক ফসল উৎপাদনের সুযোগ থাকায় আখ চাষের জমি কমে আসছিল। তবে কয়েক বছর ধরে ধাপে ধাপে আখের মূল্য বাড়ায় কৃষকরা আবারও এ ফসলে ফিরতে শুরু করেছেন। চলতি মৌসুমে নতুন করে আখের দাম বাড়ানোয় আখচাষিদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

এ ছাড়া গত মাড়াই মৌসুম থেকে মিলে আখ সরবরাহের সঙ্গে সঙ্গে কৃষকদের মূল্য পরিশোধ করা হয়েছে। চলতি মৌসুমেও একইভাবে আখ সরবরাহের সঙ্গে সঙ্গে কৃষকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।