রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে অটোসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অটো এবং বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত কসমেটিকসের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোরতা অব্যাহত থাকবে।

