শরীয়তপুর প্রতিনিধি
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সড়কে বিক্ষোভ মিছিল করছেন। মিছিলকারীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়।
এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দেন বলে ভিডিওতে দেখা যায়।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “আমরা সকাল থেকে অনলাইনে একটি মিছিলের ভিডিও দেখেছি। তবে মিছিলটি কখন এবং কোথায় হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে। এর আগে রাতের আঁধারে মিছিলের অভিযোগ উঠলেও এবার দিনের বেলায় প্রকাশ্যে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

